কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৪ এপ্রিল ২০১৯

কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জের ধরে রাসেল (২২) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এসে একই গ্রামের রুস্তম নামের অপর একজন আহত হন। উভয়কে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১০টার দিকে রাসেলের মৃত্যু হয়। নিহত রাসেল একই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের লুৎফুন্নেছার পরিবারের সঙ্গে রাসেলের পরিবারের বিরোধ চলে আসছিল। পুরনো বিরোধের জের ধরে লুৎফুন্নেছার পরিবারের লোকজন শনিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়।

খবর পেয়ে রাত ১২টার দিকে কুমেক হাসপাতালে যান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক। এ সময় তিনি সাংবাদিকদের জানান, স্থানীয়দের সঙ্গে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ হত্যাকাণ্ডে সরাসরি কারা জড়িত এ বিষয়ে নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মো. কামাল উদ্দিন/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।