রেজিস্ট্রার অফিসের বালাম বইয়ের ৪ পৃষ্ঠা গায়েব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

গোপালগঞ্জের রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুম থেকে দলিলের বালাম বইয়ের চারটি পৃষ্ঠা গায়েব করে দেয়া হয়েছে। এ ব্যাপারে অফিস সহকারী (রেকর্ড কিপার) মো. জাহিদুর রহমান কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেছেন।

এ ঘটনার পর গত দুইদিন ধরে জেলা রেজিস্ট্রারের অফিসের রেকর্ড রুম তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে রেজিস্ট্রার অফিসে কাজের জন্য আসা লোকজন ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, জেলা রেজিস্ট্রারের অফিসের রেকর্ড রুম থেকে বালাম বইয়ের পৃষ্ঠা গায়েব হওয়ার ঘটনায় গোপালগঞ্জে তোড়পাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি এখন সবার মুখে মুখে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার কোটালীপাড়া রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৪৮৪২/৮৪ নং দলিলের ৬২নং বালাম বইয়ের ১৬৮ পৃষ্ঠা থেকে ১৭২ পৃষ্ঠা পর্যন্ত মোট চারটি পৃষ্ঠা গায়েব হয়েছে। চলতি বছরের ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন বালাম বইয়ের ওই চারটি পৃষ্ঠা গায়েব করা হয়েছে।

রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার মো. জাহিদুর রহমান বলেন, অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মৃত আব্দুল লতিফ মুন্সির ছেলে কুরছি মুন্সি বালাম বইয়ের চারটি পৃষ্ঠা গায়েব করেছেন। বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আব্দুর রহিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেকর্ড রুম থেকে বালাম বইয়ের পৃষ্ঠা গায়েব হওয়ার বিষয়টি আমি জানি না। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। রেকর্ড রুম তালাবদ্ধ রাখার বিষয়টিও আমি জানি না।

তবে জেলা রেজিস্ট্রার অফিসের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বালাম বইয়ের চারটি পৃষ্ঠা গায়েব করে দেয়া হয়েছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগেও রেকর্ড রুম থেকে বালাম বইয়ের পৃষ্ঠা গায়েবের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জের রেজিস্ট্রার আবু হানিফ বলেন, মঙ্গলবার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অফিসের কেউ জড়িত থাকলে তদন্তে তা বেরিয়ে আসবে। বালাম বইয়ের গায়েব হওয়া পৃষ্ঠা উদ্ধারের জন্য রেকর্ড রুম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার তা খুলে দেয়া হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।