বাড়ি থেকে বেড়িয়ে গেল বাবা, মায়ের লাশ পেল মেয়ে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৫ জুলাই ২০১৯

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে নুরবানু আক্তার সাথী নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মোস্তফিজুর রহমান লিমন পালাতক রয়েছে। শুক্রবার দুপুরে আশুলিয়ার তাজপুর এলাকায় শামসুল হকের মালিকানাধীন ৩ তলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

নিহত নুরবানু আক্তার সাথী রংপুরের পীরগঞ্জ থানার পাবর্তীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মোস্তাফিজ একই থানার তুলারামপুর গ্রামের বাসিন্দা। সাথী আশুলিয়ার নেক্সট জেনারেশন কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। এ দম্পতির দিবা আক্তার সৃষ্টি নামে সাত বছরের মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, মোস্তাফিজ ঢাকার শ্যামলীতে রিকশা গ্যারেজে কাজ করেন। মাঝে মাঝে এখানে আসেন। গত দুইদিন এই বাসায় এসেছেন মোস্তাফিজ। শুক্রবার দুপুরে হঠাৎ করে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে তাদের মেয়ে দিবা মাকে বার বার ডেকেই কোনো সাড়া পায়নি। এ সময় বিছানায় সাথীর নিথর দেহ পাওয়া যায়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। ঘাতক স্বামী গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।