ছোট ভাইয়ের পর বড় ভাইকেও বাঁচানো গেল না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৫ আগস্ট ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্প নগরী এলাকায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে বার্জ বিস্ফোরণে আহত তিন শ্রমিকের মধ্যে রবিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুপুরে সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোস্তম আলী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলার মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকায় আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডে জাহাজের বার্জ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সাব্বির নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরের বড় ভাই শ্রমিক রবিনসহ সোহেল ও নাজির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাব্বিরের ভাই রবিনের মৃত্যু হয়।

এদিকে ওই শিল্প কারখানার পাঁচ কর্মকর্তাকে আসামি করে নিহত সাব্বির ও রবিনের বাবা মো. শহিদুল্লাহর করা মামলায় আনন্দ শিপইয়ার্ডের ডেপুটি ম্যানেজার তাজমুল ইসলামকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, আনন্দ শিপইয়ার্ডে বার্জ বিস্ফোরণে নিহত শ্রমিক সাব্বিরের বড় ভাই আহত রবিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। তাদের বাবা শহিদুল্লাহর করা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।