র‌্যাব শুধু আসামি ধরে না ঘরও বানিয়ে দেয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৬ জুলাই ২০২০

ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এক বৃদ্ধার ঘর নির্মাণ করে দিয়েছেন র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের বৃদ্ধা কমেলা খাতুনের কাছে ঘর হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু স্বামী আব্দুল মান্নানকে নিয়ে খুপড়ি একটি ঘরে বসবাস করতেন কমেলা খাতুন। সম্প্রতি ঘূর্ণিঝড়ে তার সেই ঘরও ভেঙে যায়। এতদিন প্রতিবেশীর ঘরের বারান্দায় বসবাস করছিলেন। র‌্যাব অফিসে পরিচারিকার কাজ করা কমেলা খাতুন বিষয়টি জানালে র‌্যাব সদস্যরা বেতনের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করে দেন।

মাসুদ আলম আরও বলেন, বিষয়টি শোনার পর আমি ব্যক্তিগত ভাবে ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় টিনের ঘরটি নির্মাণ করে দিয়েছি। ঘর নির্মাণে র‌্যাব সদস্যরাও সহযোগিতা করেছেন।

ঘর পেয়ে অসহায় কমেলা খাতুন বলেন, র‌্যাব শুধু আসামি ধরে শুনতাম। কিন্তু র‌্যাব যে ঘর বানিয়ে দেয় সেটাও দেখলাম। এতদিন আমি অন্যের ঘরের বারান্দায় থাকতাম। আজ থেকে আমার মাথা গোজার ঠাঁই হলো। আমি সারাজীবন এদের জন্য দোয়া করি। এরা যেন ভালো থাকে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।