গভীর ঘুমে আচ্ছন্ন, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৩ মার্চ ২০২৬
পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে তখনো গভীর ঘুমে আচ্ছন্ন শিক্ষার্থী সোহান। ছবি-সংগৃহীত

ময়মনসিংহে দীর্ঘসময় ঘুম থেকে না ওঠায় ১১ ঘণ্টা পর দরজা ভেঙে মো. সোহান (১৯) নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার পর নগরীর সানকিপাড়া এলাকায় সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেস থেকে ঘুমন্ত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

সোহান নগরীর বেসরকারি একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় অবস্থিত সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেসে থেকে লেখাপড়া করেন তিনি।

গভীর ঘুমে আচ্ছন্ন, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস

সোহানের সহপাঠী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সেহেরির পর সোহানের সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যান। এসময় সোহান ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তার সহপাঠীরা এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। তবে তার সাড়া মেলেনি। সবাই ধারণা করেন, সোহান কোনো কারণে হয়তো আত্মহত্যা করেছেন বা কোনো দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। ঘুমানোর ১১ ঘণ্টা পরও সাড়া না মেলায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারাও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় দেখা যায়, সোহান আত্মহত্যা করেননি। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পরে তাকে ডেকে তোলা হয়।

সোহান জানান, সেহরি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দরজাও লক করে দেওয়া ছিল। ফলে বাইরে থেকে ডাকাডাকির কোনো সাড়াশব্দ তিনি শুনতে পাননি। তবে তাকে ঘুম থেকে ওঠাতে এমন হুলুস্থুল কাণ্ড হবে তা কল্পনাও করেননি।

গভীর ঘুমে আচ্ছন্ন, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, ‘দীর্ঘক্ষণেও সোহানের সাড়াশব্দ না পেয়ে তার সহপাঠীরা চিন্তিত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রাও আতঙ্কিত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি আরামসে ঘুমোচ্ছে সোহান৷ একপর্যায়ে শব্দ শুনে তার ঘুম ভাঙে। এসময় তিনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দেখে অবাক হয়ে যান। পরে বুঝতে পারেন পুরো ঘটনা।’

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘ছেলেটি সারারাত না ঘুমিয়ে ভোররাতে ঘুমায়। যে কারণে অনেক ডাকাডাকি করলেও সে টের পায়নি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ছেলেটি এখন সুস্থ আছে।’

কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।