নাতনিকে ধর্ষণে অভিযুক্ত দাদার আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৩ জুলাই ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় ছয় বছরের নাতনিকে ধর্ষণে অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীন শাহের ছেলে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে কালাম শাহ ঝুলে আছে। পরে সে চিৎকার দিয়ে পাশের একটি বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। কালাম শাহ লোকলজ্জার ভয়ে শেষ রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) দুপুরে বৃদ্ধ কালাম শাহ ছয় বছরের নাতনিকে টাকার লোভ দেখিয়ে গোয়ালঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, শিশুটির মা গোয়ালঘর থেকে হাতেনাতে তাকে ধরে ফেলেন। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।