ঝুড়িতে রয়েছে খাবার, নিতে পারবেন দুস্থরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

ঝালকাঠি শহরের সাধনার মোড়ের একটি দোকানে এক অভিনব ঝুড়ির দেখা মিলছে। ঝুড়িতে পাউরুটি, বিস্কুট, কেক, ওয়েফার, কলা, চিপস, দুধসহ নানা খাদ্যসামগ্রী আছে। ঝুড়ির বক্সে লেখা- ‘ঝুড়ির খাবার গরীব ও দুস্থদের জন্য’। অসহায় ও ক্ষুধার্ত মানুষ এ ঝুড়ি থেকে খাবার নিতে পারেন।

আজাদ বেকারীর ব্যবস্থাপক সুমন তালুকদার জানান, অসহায় ও ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করেই এ ঝুড়ি স্থাপন করা হয়েছে। তারা এ ঝুড়ি থেকে খাবার নিতে পারবেন। যে কোন ব্যক্তি চাইলে এই দোকান থেকে খাবার কিনে ঝুড়িতে রাখতে পারেন। কারো কাছ থেকে নগদ টাকা নেয়া হয় না। নিজের পছন্দ অনুযায়ী খাবার কিনে ঝুড়িতে রাখতে পারেন।

তিনি আরো বলেন, এ ঝুড়ি থেকে অসহায় ও ক্ষুধার্ত মানুষরা যেকোনো খাবার নিতে পারবেন বিনামূল্যে। প্রতিদিন অনেকেই ঝুড়িটি দেখে নিজের ইচ্ছায় খাবার কিনে দিচ্ছেন আর অসহায় মানুষ যখন দোকানে কিছু চাইতে আসছেন, তখন ঝুড়ি থেকে খাবার দিচ্ছি।

তার সঙ্গে কথা বলে আরও জানা গেল, ভিক্ষুক, রিকশাচালকসহ, ক্ষুধার্ত মানুষ প্রতিদিন খুশির ঝুড়ি থেকে খাবার নিয়ে ক্ষুধা নিবারণ করতে পারছেন।

আতিকুর রহমান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।