ট্রাকে চড়ল বিমান!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ মার্চ ২০২১

ট্রাকে করে নিয়ে আসা হলো আলুখেতে পড়ে যাওয়া প্রশিক্ষণ বিমানটি। রাজশাহীর তানোরের লালপুর থেকে বিমানটি উদ্ধার করে নওহাটা বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি রাকিবুল হাসান।

তিনি বলেন, বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বিমানটি উদ্ধার করে ট্রাকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ। এর আগে তদন্ত কমিটি পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের দ্বারা তারা ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছেন।

এ বিষয়ে উইং কমান্ডার এসএম আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, আমরা এখন কিছুই বলতে পারব না।

jagonews24

তবে তিনি বলেন, একজন মানুষ চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক নানা ধরনের পরীক্ষা-নীরিক্ষা দেন। তারপর একটা সিদ্ধান্তে আসেন। চিকিৎসকেরা মানুষ দেখেন আর তারা দেখেন এয়ারক্র্যাফট। পার্থক্য এটাই।

রাজশাহীতে পরপর তিনটি দুর্ঘটনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, একটি দুর্ঘটনার পর পর্যবেক্ষণ করে তার কারণ নির্ণয় করা হয়। এর ভিত্তিতে পরবর্তী সময়ে সেটি প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়। প্রতিটি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ রয়েছে। এখানকার প্রতিটি দুর্ঘটনার কারণ পৃথক। এমন যদি হতো প্রত্যেকটি দুর্ঘটনা একই কারণে ঘটেছে তাহলে একটা ঢালাও মতামত দেয়া যেত।

তিনি আরও জানান, বিমানের পাইলট ও প্রশিক্ষণার্থীর সঙ্গে তারা কথা বলেছেন। অবতরণের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এ বিষয় নিয়ে আরও পরীক্ষা-নীরিক্ষা করবেন। এক মাসের মধ্যে তাদের ওয়েবসাইটে তারা প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

jagonews24

মঙ্গলবার (১৬ মার্চ) তানোরে দুর্ঘটনার কবলে পড়ে ছেচনা-১৫২ মডেলের এই বিমানটি। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে আলুখেতে পড়ে।

জানা গেছে, এর আগে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। দুপুরে শাহ মখদুম বিমানবন্দর থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে বিমানটি আকাশে ওড়ে। তানোরে গিয়ে সেটি আলুখেতে আছড়ে পড়ে।

ওই বিমানে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক কর্নেল (অ.) ক্যাপ্টেন মাহফুজ আহম্মেদ ও প্রশিক্ষণার্থী ক্যাডেট মো. নাহিদ হাসান নয়ন ছিলেন। দুর্ঘটনায় পড়লেও তারা দু’জনই সুস্থ আছেন।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।