কুমিল্লায় লবণের ট্রাকে ইয়াবার চালান
কুমিল্লায় লবণবোঝাই ট্রাকে থেকে ২১ হাজার ৪৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার ও ট্রাকটিকে জব্দ করা হয়।
বুধবার (৩১ মার্চ) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের র্যাব এ অভিযান চালায়।
গ্রেফতাররা হচ্ছেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের সাদ্দাম (৩৫) ও একই উপজেলার সাতপাড়া গ্রামের আয়নাল ইসলাম (৩৩)। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, লবণের ট্রাকে করে ইয়াবার বড় চালান যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৪৫০টি ইয়াবা জব্দ করা হয় এবং সাদ্দাম ও আয়নাল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, তারা ট্রাকে করে পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক বেচা-কেনা ও সরবরাহ করে আসছিল। বুধবার লবণবোঝাই ট্রাকে করে তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান পাচারের সময় গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে এবং বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মো. কামাল উদ্দিন/এসএস/এএসএম