৬ দিনেও সন্ধান মেলেনি ফেলে যাওয়া শিশুর অভিভাবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৭ জুন ২০২১

কুমিল্লার মুরাদনগরে এক মাস বয়সী মেয়েশিশুকে একটি বাড়ির সিঁড়িতে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুটি পাওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ জুন) দুপুরে উপজেলা বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল গ্রামের নবীপুর রোডের পাশের বসতবাড়ির সিঁড়ির ওপর থেকে শিশুটিকে উদ্ধার করে হুমায়ূন কবিরের স্ত্রী জাহানারা বেগম। বৃহস্পতিবার (১৭ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে হুমায়ূন কবিরের স্ত্রী জাহানারা বেগম বলেন, রোববার দুপুরে দোতলায় আমাদের বাসার মধ্যে বিশ্রাম করছিলাম। এ সময় নিচতলা থেকে অনেকক্ষণ ধরে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই।

তিনি আরও বলেন, পরে বাসা থেকে নেমে গিয়ে দেখি সিঁড়ির প্রবেশমুখের দিকে একটি মেয়ে শিশু পড়ে আছে আর কান্না করছে। তখন আশপাশে খোঁজাখুঁজি করে কাউকে পাইনি। ধারণা করছি, হয়তো কেউ এখানে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে গেছে। শিশুটির পরনে একটি হলুদ সাদা রঙের জামা ছিল। তার বয়স এক মাস হতে পারে।

এদিকে শিশু পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে বিভিন্ন নিঃসন্তান দম্পত্তি ও একাধিক পরিবার শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।