কুমিল্লায় সড়কে প্রাণ গেল দুই যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১২ আগস্ট ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার তেলিগ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. ফরহাদ হোসেন (১৮) ও নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম যাচ্ছিলেন মো. ফরহাদ হোসেন। মহাসড়কের নানকরা এলাকায় যমুনা পরিবহনের একটি বাসের তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ঢাকামুখী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। ফরহাদকে চাপা দেয়া লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

অন্যদিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, দুপুরে মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাচ্ছিলেন। নাঙ্গলকোট বাজারে মধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ পটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।