কুমিল্লায় হঠাৎ গ্যাসের তীব্র সংকট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৬ আগস্ট ২০২১

হঠাৎ করে কুমিল্লা নগরীসহ বেশকিছু এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর এলাকার প্রধান গ্যাস লাইনের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে গ্যাস সরবরাহ ৩০০ পিএসআই থেকে ৪০ পিএসআই-তে নেমে গেছে। ফলে সকাল থেকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা, মোগলটুলী, চৌধুরীপাড়া, চকবাজার, কোর্টবাড়ি ও চান্দিনা উপজেলাসহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে করে রান্নাসহ খাবার তৈরিতে বিপাকে পড়েছে গৃহিণীরা। গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে এ নিয়ে চিন্তায় আছেন তারা।

নগরীর চর্থা এলাকার খাদিজা আক্তার নামে এক গৃহিণী জানান, সকাল থেকে লাইনে গ্যাস নেই। রান্না করতে পারছি না। সকালে দোকান থেকে নাস্তা এনে খেয়েছি। দুপুরে কী খাব জানি না।

আকিবুল ইসলাম হারেস নামে চান্দিনা থেকে স্থানীয় এক সাংবাদিক জানান, হঠাৎ করে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস না থাকার খবর পাওয়া গেছে। ফলে অনেকে বিকল্প ব্যবস্থা করে রান্না কাজ সেরে নিচ্ছেন। যাদের ব্যবস্থা নেই তারা হোটেল রেস্টুরেন্টের ওপর নির্ভর করছেন।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল ম্যানেজার মর্তুজা আলম জাগো নিউজকে বলেন, এটি আমাদের সমস্যা না। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড থেকে আমরা গ্যাস সরবরাহ করি। চান্দিনা কুটুম্বপুর এলাকায় তাদের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে গ্যাস পেতে একটু সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে তাদের কারিগর টিম রওয়ানা দিয়েছে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। তবে তিন-চার ঘণ্টা লাগতে পারে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।