কুমিল্লার ঘটনায় আরও ১৭ আসামির ৫ দিন করে রিমান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৩ নভেম্বর ২০২১

কুমিল্লার রক্ষাকালী মন্দির ভাঙচুরে পুলিশের করা মামলায় ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ বলেন, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বিভিন্ন মামলার ১৮ আসামিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামির বয়স ১৮ না হওয়ায় তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়।

গত ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে কুমিল্লার নানুয়ারদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, পুলিশকে খবর দেওয়া রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহর দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষ হয়েছে। দুপুরে তাদের ফের আদালতের তোলার কথা রয়েছে।

পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১১ মামলা হয়েছে। এরমধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি, দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাহিদ পাটোয়রী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।