স্ত্রীকে হত্যার পর অগ্নিকাণ্ডের নাটক সাজান রেজাউল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৯ মার্চ ২০২২
র‌্যাবের হাতে আটক রেজাউল

কুমিল্লার বরুড়ায় গৃহবধূ ইয়াসমিন আক্তারকে (২২) হত্যার পর শরীরে আগুন লাগিয়ে ফজরের নামাজ পড়তে যান স্বামী রেজাউল। হত্যার ১৮ দিন পর এ রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গত পাঁচ বছর আগে ইয়াসমিনকে পরিবারের অমতে বিয়ে করেন রেজাউল। এক পর্যায়ে যৌতুকের জন্য তাকে চাপ দেন। এনিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ১০ মার্চ বিকেলে স্বামীর সঙ্গে ইয়াসমিনের বাগবিতণ্ডা হলে রেজাউল তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যান। রাত ১০টার দিকে রেজাউলের বাবা-মা ঘুমিয়ে গেলে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে ইয়াসমিনের গলা চেপে ধরলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর রেজাউল স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন শরীর ঠাণ্ডা হয়ে আছে। স্ত্রীর মৃত্যুর বিষয়টি টের পেয়ে তিনি ভোর ৫টার দিকে ইয়াসমিনের শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যান।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে কুমিল্লা ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বরুড়া থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।