যুবদল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ
শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ওই শিক্ষকের ডান হাত ভেঙে যায়। অভিযোগ উঠেছে, মিজান শিকদার নামের এক যুবদল নেতা ও তার লোকজন এ হামলা চালিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমীন রতন দীর্ঘদিন ধরে শতবর্ষী বিদ্যাপীঠ বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। এসময় তিনি ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের দলের সভাপতি মিজান শিকদারসহ অন্তত ১০ জন ব্যক্তি তার গতিরোধ করে। পরে তার হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করে হামলাকারীরা এমনটাই অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। পরে স্থানীয়রা তার ডাক-চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। বাড়ি ফেরার পথে মিজান শিকদার ও তার লোকজন আমার পথ আটকিয়ে হামলা চালায়।
এ ব্যাপারে অভিযুক্ত ও ভোজেশ্বর যুবদলের সভাপতি মিজান শিকদার বলেন, আমি এই বিষয়ে জানি না, বুঝি না, শুনি নাই। যারা ছড়াচ্ছে তাদের প্রশ্ন করুন। আমি কাল তার বিরুদ্ধে মানহানির মামলা করবো।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (অর্থোপেডিক্স) ডা. মফিজুর রহমান স্বপন বলেন, আহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তার ডান হাতটি ভেঙে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি হতে বলেছি।
জানতে চাইলে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগী কিংবা তার পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়টি নিয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। কারা এই হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করছি। উনি সুস্থ হলে নিজেই বিষয়টি পরিষ্কার করতে পারবেন। আমরা চাই যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের মাধ্যমে শাস্তি হোক।
বিধান মজুমদার অনি/এমএন