উপড়ে ফেলা হলো বর্গা নেওয়া ৩০ শতাংশ জমির সবজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১২ এপ্রিল ২০২২
কান্নায় ভেঙে পড়েন বর্গাচাষি নজির মিয়া

কৃষক নজির মিয়া (৫০) ৪০ শতক জমি বর্গা নিয়ে মিষ্টি কুমড়া, চাল কুমড়া ও লাউ চাষ করেন। ফলনও আসতে শুরু করেছে। ঠিক সে সময় শত্রুতা করে রাতের আঁধারে উপড়ে ফেলা হয়েছে সব গাছ।

সকালে পরিচর্যা করতে এসে এমন দৃশ্য দেখে নজির মিয়ার মাথায় হাত। এতে হাউমাউ করে কান্না শুরু করেন তিনি। কোনোভাবেই কান্না থামছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কান্নার ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

উপড়ে ফেলা হলো বর্গা নেওয়া ৩০ শতাংশ জমির সবজি

খোঁজ নিয়ে জানা যায়, নজির মিয়া বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ঢাকলাপাড়া এলাকার বাসিন্দা। ঢাকালাপড়া গ্রামের প্রতিবেশী জয়নাল মেম্বারের ভাতিজা আজিজ মালের ছেলে মনিরের সঙ্গে লাউ ক্ষেতের নিচ থেকে রোববার সকালে গরুর জন্য ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয় বর্গাচাষি নজির মিয়ার। এ সময় নজিরকে কৃষি কাজ করতে দেবে না বলে হুমকিও দেন মনির। পরদিন সোমবার (১১ এপ্রিল) সকাল ৯টায় ক্ষেতে আগাছা পরিষ্কার করতে এসে নজির মিয়া দেখেন প্রায় ৩০ শতাংশ জমির চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও লাউর গাছ কেটে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কৃষক নজির মিয়া বলেন, ‘রোববার আমার জমিতে ঘাস কাটতে আসেন মনির মিয়া। ঘাস কাটলে ফসলের ক্ষতি হতে পারে ভেবে তাকে বাধা দেওয়া হয়। তখন মনির ক্ষিপ্ত হয়ে হুমকি দেন, তুই এই জমিতে কীভাবে ফসল করিস, তা আমি দেখে নেব। পরদিন সকালে জমিতে এসে দেখি প্রায় ৩০ শতাংশ জমির সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে ক্ষতিপূরণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

উপড়ে ফেলা হলো বর্গা নেওয়া ৩০ শতাংশ জমির সবজি

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায় জাগো নিউজকে বলেন, কৃষক নজির মিয়ার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি দুঃখজনক। আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসনের সহযোগিতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।