নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাবনার ঈশ্বরদীতে প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক পুনর্নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডির তদারকি ছাড়াই নিম্নমানের খোয়া, রাবিশ ও মাটি মিশ্রিত বালু দিয়ে দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিনের ভোগান্তি শেষে সংস্কার কাজ শুরু হলেও সামগ্রীর নিম্নমান দেখে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রমতে, উপজেলার সাহাপুর ইউনিয়নের সিলিমপুর মোড় থেকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কদিমপাড়া হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটিতে অননুমোদিত বালুবাহী ও ইটবহনকারী বড় বড় ড্রাম ট্রাক চলাচলে প্রায় দুই বছর ধরে বেহাল দশায় পরিণত হয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি সড়কটি পাকা করণের মাধ্যমে নির্মাণ কাজের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে তিন মাস সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন পাবনার ‘ওহি কন্সট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, সড়কের আগের পুরোনো ও ভাঙা কার্পেটিং তুলে সেগুলো পুনরায় বিছিয়ে দেওয়া হচ্ছে। তার ওপর নিম্নমানের রাবিশ মিশ্রিত খোয়া ও মাটিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। এমনকি রাস্তার দুই পাশে ব্যবহৃত ইটগুলোও অত্যন্ত নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, কাজ চলাকালীন তদারকির জন্য এলজিইডির কোনো কর্মকর্তাকেই সেখানে পাওয়া যায়নি।

নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

এদিকে সড়কের নির্মাণ কাজের দরপত্র চেয়ে ঈশ্বরদী উপজেলা প্রকৌশল অধিদপ্তরে দু-দিন ঘুরেও তা পাওয়া যায়নি। কখন মিলেছে এলজিইডি কর্মকর্তার বদলিজনিত অজুহাত আবার কখন পাবনা কার্যালয়ে রয়েছে বলে জানানো হয়েছে।

মো. আলামিন নামে এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ভোগান্তি পোহানোর পর সড়কের কাজ শুরু হয়েছে। তবে সেখানে ব্যবহৃত সামগ্রীর মান খুবই খারাপ। সঠিকভাবে সড়কটি নির্মাণের দাবি জানাচ্ছি।

মো. সজিব, মামুন ও মানিকসহ কয়েকজন স্থানীয় সড়কটির চলমান কাজ বন্ধের দাবি জানিয়ে বলেন, যদি খোয়ার পরিবর্তে এমন রাবিশ মিশিয়ে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করে তবে কাজ বন্ধ থাক। এভাবে কাজ করলে তিন মাসও সড়কটি টিকবে কিনা সন্দেহ আছে।

নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

তবে এসব ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওহি কন্সট্রাকশন’ এর সাব ঠিকাদার মো. সৈকতের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলামের সঙ্গেও মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে সদ্য বদলি হয়ে যাওয়া ঈশ্বরদী উপজেলার সাবেক প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, সড়কের কাজ চলমান রয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি জানা নেই। তবে মূল কার্পেটিং-এর আগে যে খোয়া ব্যবহার হচ্ছে তার গুণগত মান যাচাই করে দেখা উচিত।

শেখ মহসীন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।