‘পদ্মা সেতুর সুফল ভোগে শরীয়তপুরবাসীকে অপেক্ষা করতে হবে না’
পদ্মা সেতুর সুফল ভোগ করতে শরীয়তপুরবাসীকে অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
শনিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই আজ পদ্মা সেতু হয়েছে। বিএনপি-জামায়াত সরকারের আমলে অবহেলার শিকার বৃহত্তর ফরিদপুর। শরীয়তপুর ছিল তার মধ্যে অন্যতম। আজ পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে উন্নত যোগাযোগ নিশ্চিতে শরীয়তপুর-জাজিরা-নাওডোবা পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শুরু হলো।
শরীয়তপুর জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা-নাওডোবা প্রান্ত থেকে জেলা শহর পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সওজ বিভাগ। এ লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে ১০৫ দশমিক ৫ হেক্টর জমি অধিগ্রহণের কাজ করছে জেলা প্রশাসন। ১ হাজার ৬৮২ কোটি টাকার প্রকল্পটি ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সওজ।
২৫ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেবে সরকার। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি মিলেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে। নাওডোবা থেকে সেতুর টোল প্লাজা অতিক্রম করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহন ১০ কিলোমিটার সংযোগ সড়ক দিয়ে মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে উঠবে। কিন্তু নাওডোবা থেকে শরীয়তপুর জেলার বাসিন্দাদের যাতায়াতের জন্য প্রশস্ত সড়ক নেই। তাই এ রুটে সংযোগ সড়ক নির্মাণের জন্য আধা-সরকারি চাহিদাপত্র (ডিও লেটার) দেন শরীয়তপুরের দুই সংসদ সদস্য ইকবাল হোসেন ও এনামুল হক শামীম।
গত বছর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। এরপর চার লেন সড়ক নির্মাণের জন্য ১০৫ দশমিক ৫ হেক্টর জমি অধিগ্রহণের বিষয়ে জেলা প্রশাসনকে চিঠি দেয় শরীয়তপুর সওজ বিভাগ। ২৭ কিলোমিটার সড়কের জন্য জেলা প্রশাসন গত বছরের সেপ্টেম্বর থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু করে। সংশ্লিষ্ট সড়কের জমির মালিকদের নোটিশ দিয়ে অধিগ্রহণের বিষয়টি জানানো হয়েছে। ভূমি অধিগ্রহণের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৮ কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা পরিশোধের জন্য জেলা প্রশাসনকে ১১০ কোটি টাকা দিয়েছে সড়ক বিভাগ।
একটি গুচ্ছ প্রকল্পে দুই লেনের ৩৪ ফুট প্রশস্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করেছে সওজ। আরেকটি গুচ্ছ প্রকল্পে সড়কের দুটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে।
তিনটি প্যাকেজে (গুচ্ছ প্রকল্পে) পদ্মা সেতু-শরীয়তপুর সংযোগ সড়কটি নির্মাণ করা হবে। বর্তমানে সড়কটি হবে দুই লেনের। জমি অধিগ্রহণ করা হচ্ছে চার লেনের জন্য। পরবর্তী সময়ে আরও দুই লেন বাড়ানো হবে।
মো. ছগির হোসেন/এসজে/জেআইএম