কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী
কুমিল্লার মনোহরগঞ্জে সরস্বতী মালাকার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী রঞ্জিত মালাকার (৪০)। এ ঘটনার পর রঞ্জিত পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার লক্ষণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রঞ্জিত একই গ্রামের সুশীল মালাকারের ছেলে। মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রঞ্জন ও সরস্বতী ঝগড়া করছিলেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন রঞ্জন। এসময় স্থানীয়রা সরস্বতীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে রঞ্জিত পলাতক। তাকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএডি