ফুলদানিতে ফুল তাজা রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

বসার ঘর বা শোবার ঘরকে মুহূর্তে প্রাণবন্ত করে তুলতে টাটকা ফুলের জুড়ি নেই। কম খরচে ঘর সাজানোর সহজ উপায় হিসেবেও কাটা ফুলের জনপ্রিয়তা অনেক। কিন্তু সমস্যা একটাই ফুলদানিতে রাখা কাট ফ্লাওয়ার খুব দ্রুতই কুঁকড়ে যায়। ফলে অনেকেই বাধ্য হয়ে কৃত্রিম ফুল ব্যবহার করেন। অথচ আসল ফুলের সুবাস, রং আর সজীবতার সঙ্গে কৃত্রিম সাজসজ্জার তুলনা হয় না।

সঠিক যত্ন নিলে কিন্তু কাট ফ্লাওয়ার বেশ কয়েক দিন সতেজ রাখা সম্ভব। নিয়মিত পানি বদলানো ও নির্দিষ্ট নিয়মে ডাঁটি ছাঁটা এই দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি রয়েছে এক সহজ কৌশল, যা অনেকেই জানেন না। সেটি হলো সাধারণ পানির বদলে হালকা লবণ মেশানো পানি ব্যবহার করা।

কেন লবণ-পানি?

লবণ ব্যবহার নিয়ে কিছু মতভেদ থাকলেও, অনেকে মনে করেন পরিমিত পরিমাণে লবণ পানিতে মেশালে ফুল দীর্ঘক্ষণ সতেজ থাকে। লবণে থাকা সোডিয়াম ও ক্লোরাইড আয়ন জলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে ডাঁটির কোষে পানি চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। ফলে ফুল দ্রুত নুয়ে পড়ার ঝুঁকি কমে।

আরও পড়ুন: 

কীভাবে করবেন?

ফুলদানি ভালোভাবে পরিষ্কার করুন: ফুল রাখার আগে ফুলদানিটি সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। ভেতরে জমে থাকা ময়লা বা ব্যাকটেরিয়া ফুল দ্রুত নষ্ট করে দিতে পারে।

ডাঁটি তির্যকভাবে ছেঁটে নিন: ফুলের ডাঁটির নিচের অংশ প্রায় অর্ধ ইঞ্চি কেটে ফেলুন। তির্যকভাবে কাটলে ডাঁটি বেশি পরিমাণে পানি শোষণ করতে পারে। দুই-তিন দিন পরপর আবার সামান্য করে কেটে নিলে ভালো ফল মিলবে। অবশ্যই পরিষ্কার ছুরি বা কাঁচি ব্যবহার করবেন।

সঠিক লবণ বেছে নিন: যে কোনও সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করা ভালো। প্রক্রিয়াজাত হওয়ার আগের পর্যায়ের এই লবণে আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো কিছু উপাদান থাকে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে বলে অনেকের ধারণা।

পরিমিত পরিমাণে মেশান: ফুলদানির পানিতে এক চা-চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন। অতিরিক্ত লবণ দিলে উল্টো ফুলের ক্ষতি হতে পারে। কয়েক দিন পর পানি বদলানোর সময় আবার একইভাবে লবণ মিশিয়ে নিন।

আরও কিছু টিপস

  • ফুল সরাসরি রোদে রাখবেন না।
  • ফ্যান বা এসির বাতাসের সরাসরি সামনে রাখলে দ্রুত শুকিয়ে যেতে পারে।
  • শুকনো পাতা বা নষ্ট ফুল দ্রুত সরিয়ে ফেলুন।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।