পুকুরে গোসলে নেমে কুমিল্লায় ২ স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৮ জুলাই ২০২২

কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুনায়েদ ও রিহান স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় জুনায়েদ পানিতে ডুবে যাচ্ছিলো। এ দৃশ্য দেখে রিহান তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এরপরও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়েছি যে, তারা বেঁচে নেই।

নিহত জুনায়েদ একই গ্রামের আবু কালামের ছেলে এবং রিহান মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহত দুজনই স্থানীয় নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জাহিদ পাটোয়ারী/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।