হাজতের গ্রিল ভেঙে পালিয়েও শেষ রক্ষা হলো না ছবিরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ জুলাই ২০২২

কুমিল্লার হোমনায় থানার হাজতখানার গ্রিল ভেঙে পালানো আলোচিত ছবির হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোমবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ছবির হোসেন দুলালপুর ইউনিয়নের ভিটিকালামিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।

ওসি সাইফুল ইসলাম জানান, ৪টি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছবির হোসেন। একটি মামলায় ২০১৪ সালে তাকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু সে হাজতখানার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

ওই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ছবিরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।