লক্ষ্মীপুরে ডাকাতের কোপে পল্লী চিকিৎসক হাসপাতালে, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
ডাকাতের কোপে আহত পল্লী চিকিৎসক জামাল উদ্দিন

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে জামাল উদ্দিন নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতদল। এসময় তার ঘরে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। পরে চিৎকার করলে আশপাশের লোকজন বের হয়ে দুই ডাকাতকে আটকের পর পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জামাল।

এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শাহজাহান কামাল সড়ক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জামালের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল লোক বাড়িতে আসে। তার পরিচিত বেলাল মামার কথা বলে তারা তাকে ঘর থেকে ডেকে বের করে। এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে কোপ দেয়। এছাড়া পিটিয়ে ও কিল-ঘুষি লাথি মেরে তাকে গুরতর আহত করে। পরে তার ঘরে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। এসময় ব্যাথায় ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে আসে। পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে স্থানীয়রা। আটকদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনি না। কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তারা ডাকাতি করতে এসেছিল। আমাকে কুপিয়ে আহত করে তারা ঘর থেকে টাকা নিয়ে গেছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় দুইজনকে আটক করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।