কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার, সম্পাদক রিফাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৫ নভেম্বর ২০২২

ফের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সাধারণ সম্পাদক হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে টাউনহল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম।

সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটির নাম প্রস্তাব করেন কাউন্সিলর এবং ডেলিগেটরা। এ সময় তারা সভাপতি হিসেবে সাবেক সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম প্রস্তাব করেন। প্রস্তাবের পর পদপ্রার্থী আরও কেউ থাকলে তাদের নাম সমর্থন চেয়ে এক থেকে তিন পর্যন্ত গণনা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এ সময় আর কারও নাম না আসায় প্রধান অতিথি ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম সভাপতি হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে সিটি মেয়র আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করেন।

২০১৭ সালে প্রথম কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সে সময় আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।