নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য: হাইকমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১০:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্য হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন হাইকমিশনার সারাহ কুক

যুক্তরাজ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই অংশীদারত্ব আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে যুক্তরাজ্য হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান ও ব্যক্তিগত রূপ দেখা যায় সিলেটে। সিলেটি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা দুই দেশের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করেছে।

তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম সিলেটি কমিউনিটি আধুনিক ব্রিটেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জনসেবা ও সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান যুক্তরাজ্য গভীরভাবে মূল্যায়ন করে।

রমজানের তাৎপর্য তুলে ধরে সারাহ কুক বলেন, পবিত্র এই মাস আমাদের সহমর্মিতা, সংহতি ও অভিন্ন মানবতার শিক্ষা দেয়।

তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান হাইকমিশনার।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আহমেদ জামিল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।