সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু তাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এসময় তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবসময় অনুপ্রেরণা ও দুঃসময়ে পাশে থেকে সাহস যোগাতেন। তার এ অনুপ্রেরণা ও সহযোগিতা না পেলে বঙ্গবন্ধু সব কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারতেন না।

শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু যেহেতু জীবনের বেশিরভাগ সময়ই জেলখানায় কাটিয়েছেন, তাই এই সময়ে তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সব সন্তানকে বঙ্গমাতা আগলে রেখেছিলেন। মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাই বঙ্গমাতা যদি না থাকতেন তাহলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না। অনুরূপ বঙ্গবন্ধু না থাকলে আমরা বঙ্গবন্ধুর দুই কন্যাকেও পেতাম না।

তিনি নারী মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে বলেন, নারী মুক্তিযোদ্ধারা দেশের জন্য অপরিসীম দেশপ্রেম দেখিয়েছেন। নিজের জীবন বাজি রেখেছেন, দেশের জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাই তাদের এই ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়।

এসময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম, সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।