কুমিল্লায় বিএনপি-এলডিপির ২৬ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:১৯ পিএম, ১১ এপ্রিল ২০২৩

কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ এলডিপি ও বিএনপির ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন তিনি। এদের মধ্যে বিএনপির ১৮ জন এবং এলডিপির ৮ নেতাকর্মী রয়েছে।

তারা হলেন- চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূঁইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ মোট নেতাকর্মী।

আদালত সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জন অজ্ঞাতপরিচয় আসামি দিয়ে মামলা করে পুলিশ। ওই মামলায় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার (১১ এপিল) কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আতিকুল আলম সুমন জাগো নিউজকে বলেন, উচ্চ আদালতের নির্দেশক্রমে আমরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকৃতপক্ষে তারা কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না।

জাহিদ পাটোয়ারী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।