৫ দিন পর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৭ আগস্ট ২০২৩

পাঁচদিন পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট মো. মাহবুব আলম বলেন, কিট-সংকটের কারণে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করতে আসা রোগীদের পরীক্ষা হয়নি। কিট সংকট দেখা দেওয়ায় হাসপাতালের পক্ষ থেকে দুই হাজার কিটের চাহিদা উল্লেখ করে সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে ১৯০টি কিট দেওয়া হয়। শনিবার থেকে আবারও হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়। শুরুর প্রথম দিনই অন্তত ২০ জনের ডেঙ্গু পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন: কিট সংকটে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৩২৪ জনের ডেঙ্গু পরীক্ষায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও বেশি পরীক্ষাসহ ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ বলেন, হাসপাতালটিতে দুই হাজার কিট সরবরাহের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে ১৯০টি কিট পাওয়া গেছে। সেগুলো দিয়ে ডেঙ্গু পরীক্ষা চালু করা হয়েছে। দ্রুত আরও কিট পাওয়া যাবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।