কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মেহেদী হাসান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও মাদকসহ থানায় সাতটি মামলা রয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী শ্রীবল্লভপুর পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিকে শ্রীবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬ হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০ টাকা এবং দুইটি পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এছাড়া তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও মাদকসহ সদর দক্ষিণ থানায় মোট সাতটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।