স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:২০ এএম, ৩১ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও ভন্ডগ্রাম হাইস্কুলের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীকে হত্যা মামলায় ওই স্কুলের পিয়ন আমিরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৬ সালের ৮ মে ঠাকুরগাও এর ভন্ডগ্রাম পূর্বপাড়া এলাকার ধানক্ষেত থেকে স্কুলছাত্রী পুতুল বালার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে রানীশঙ্খইল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা গণেশ চন্দ্র বর্মন। ওই ঘটনায় স্কুলের পিয়ন আমিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ২০০৯ সালের ৩০ জুন দেয়া অভিযোগপত্রে আমিরুলকে আসামি করে পুলিশ।

পরবর্তীতে ২০১৫ সালের ২০ ডিসেম্বর মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক আসামি আমিরুল ইসলামের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, দীর্ঘ দশ বছর মামলাটির সাক্ষী প্রমাণ গ্রহণ শেষে আজ দুপুরে আদালতের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এ রায়ে বাদী নিহতের বাবা গণেশ চন্দ্র বর্মন সন্তুষ্টি প্রকাশ করেছেন। রায় ঘোষণার পর পরই সাজাপ্রাপ্ত আসামি আমিরুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।