বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান


প্রকাশিত: ১১:৫২ এএম, ০৬ এপ্রিল ২০১৬

বিমান বাহিনীর অগ্রগতি ও সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে যশোর বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কুচকাওয়াজ চত্বরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। এর আগে রাষ্ট্রপতি উইং কমন্ডার আরিফ আহমেদ দিপুর নেতৃত্বে বিমান বাহিনীর সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করেন।

ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনী সদস্যদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। এ ক্ষেত্রে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অবদানকে গভীর ভাবে স্মরণ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরমুক্ত একটি অসাম্প্রদায়িক ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। এজন্য বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। আমি আশা করি ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে একটি সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর বিমান বাহিনী হিসাবে গড়ে উঠবে।

এর আগে সকালে রাষ্ট্রপতি কুচকাওয়াজস্থলে পৌঁছলে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর মফিকুল আলম তাকে স্বাগত জানান।

মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।