চাষাঢ়ায় আ.লীগ অফিসে বোমা হামলা : সাক্ষ্যগ্রহণ পেছালো


প্রকাশিত: ১১:০৬ এএম, ১১ এপ্রিল ২০১৬

২০০১ সালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়ের করা দু’টি মামলার মধ্যে বিস্ফোরক  মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ৪ মে পরর্বতী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত। আদালতে সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ করা হয়নি।
 
সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এরআগে সোমবার জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের সমন্বয়ক মুফতি হান্নান ও শাহাদাত উল্লাহ জুয়েলকে আদালতে হাজির করা হয়। এসময় জামিন প্রাপ্ত আসামি কাউন্সিলর শওকত হাশেম শকু উপস্থিত ছিলেন।               

অতিরিক্ত পিপি এ্যাডভোকেট কেএম ফজলুর রহমান জানান, মুফতি হান্নানের বিরুদ্ধে সারাদেশে ৫১টি মামলা রয়েছে। যে কারণে দেড় বছর পর সোমবার চাষাঢ়া বোমা হামলার ঘটনায় দুটি মামলায় সাক্ষ্যগ্রহণে আসামিদের হাজির করা হয়। কিন্তু আদালতে সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ করা হয়নি। আদালত আগামী ৪ মে পরবর্তীতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন।

দেড় বছর আগে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহীদুল আলম চৌধুরীর আদালতে মামলার বাদী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহার সাক্ষ্যগ্রহণের সময় রাষ্ট্র ও আসামির পক্ষের আইনজীবীরা বিভিন্ন বিষয়ে জেরা করেছিলেন।

প্রসঙ্গত ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলার ২০ জন নিহত হওয়ার ঘটনায় দু’টি মামলা হয়। একটি মামলা বিস্ফোরক আইনে ও অপরটি হত্যা মামলা। দু’টি মামলায় ২০১৩ সালের ২ মে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার্জশীট আদালতে জমা দেন। এ দু’টি  মামলায় বাদীসহ ৭ জনকে স্বাক্ষী করা হলেও গত ২১ জানুয়ারি বাদীর আবেদনের প্রেক্ষিতে সম্পূরক চার্জশিটে আগের চার্জশিটভুক্ত আসামি অভিন্ন রেখে শুধুমাত্র সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়।

সম্পূরক চার্জশিটে ৮ জন তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। চার্জশীটভুক্ত ৬ জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেফতার রয়েছেন। পলাতক রয়েছে ওবায়দুল্লাহ রহমান। ভারতের দিল্লী কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।

সাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।