রূপগঞ্জে প্রচারণা নিয়ে সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১২ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা নিয়ে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান তোফায়েল আহাম্মেদ আলমাছ। একই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জাব্বার মেম্বার। আগামী ২৩ এপ্রিল নির্বাচন নিয়ে তোফায়েল আহাম্মেদ আলমাছের সঙ্গে আব্দুল জাব্বার মেম্বারের চরম দ্বন্দ্ব চলে আসছিল।

সোমবার রাত পৌনে ১১টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় ওই দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাদের কর্মী-সমর্থকরা প্রচারণা চালান। এ সময় প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা রামদা, চাপাতিসহ বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে। সংঘর্ষ চলাকালীন প্রায় শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে বড়ভিটা এলাকার ইলিয়াছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪০), আনোয়ার হোসেনের ছেলে মাসুদ মিয়া (২৫), রজব আলীর ছেলে রাজু মিয়া (২২) ও শাহজাহান মিয়ার ছেলে শাকিল মিয়াকে (২৭) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মাসুদ মিয়া ও জাহাঙ্গীর মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মীর আব্দুল আলীম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।