নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিকসহ আটক ৩
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে একজন ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন, বিয়ার, ফেনসিডিলসহ দুটি চোরাই প্রাইভেটকার। মঙ্গলবার সকালে উপজেলার গোগনগর মসিনাবন্দ এলাকা হতে তাদের আটক করে র্যাব-১১।
র্যাব বলছে, সাংবাদিকের ভুয়া স্টিকার ব্যবহার করে মাদক ব্যবসায়ীসহ গাড়ি চুরির একটি চক্র দির্ঘদিন যাবত অপরাধ করে আসছিল। তারা নিজেদের বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয়সহ নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছিল।
নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র্যাব-১১ এর এএসপি কামরুল আহসান ও মশিউর রহমানের নেতৃত্বে ওই অভিযান চলে। দুপুরে র্যাব কার্যালয়ে সাংবাদিকদের তারা অভিযানের ওই তথ্য প্রদান করে।
র্যাব জানায়, মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গোগনগর পূর্ব মসিনাবন্দ এলাকাতে মামুনুর রশিদের ঘরে অভিযান চালিয়ে ৫২ গ্রাম হেরোইন, ভারতীয় তৈরি ১শ বোতল ফেনসিডিল, ২টি বিয়ারের ক্যান, মাদক বিক্রির নগদ ৪৩ হাজার টাকা, ৫টি মোবাইল সেট, ১টি সাংবাদিক আইডি কার্ডসহ মো. মামুনুর রশিদ, ভিপি মামুন (৪৫), তার স্ত্রী সামছুন্নাহার শান্তা (৩২) ও সহযোগী মো. সানি আলমকে (২১) আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ১৪ হাজার টাকা।
তারা আরও জানান, মাদক উদ্ধারের পর বাসার গ্যারেজ থেকে চোরাইকৃত ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। যার একটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৩-৩৪১৮ যা সাদা কালার এবং গাড়ির সামনের গ্লাস ও ডেস বোডের মাঝে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টিকার লাগানো। অপরটি ঢাকা মেট্রো-ঘ-১১-৩৮৯৯ যা ব্লু কালার এবং গাড়ির সামনের গ্লাস ও ডেস বোডের মাঝে প্রেস স্টিকার লাগানো। গাড়ি দুইটির আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
শাহাদাত হোসেন/এসএস/এবিএস