আ.লীগ প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আসাদের পোস্টার লাগাতে গিয়ে আসাদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আসাদ ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার জসিম উদ্দিনের ছেলে। সোমবার মধ্যরাতে এ ঘটনা।
আসাদ ধর্মগঞ্জ এলাকায় দলিল লিখক শহিদুল ইসলাম ভেন্ডারের সহযোগী হিসেবে কাজ করতো। নির্বাচন আসায় সুযোগ পেলে রাতে এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টার লাগায়।
স্থানীয়রা জানান, বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে দলিল লেখক শহিদুল ইসলাম ভেন্ডার জানান, আমি শুনেছি মসজিদের ছাদে পোস্টার লাগানো দড়ি লাগাতে গিয়ে পড়ে মারা গেছে আসাদ। সকালে আসাদের মরদেহ দাফন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, থানায় কেউ এ ধরনের অভিযোগ করেননি। তারপরও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
সাহাদত হোসেন/এআরএ/এবিএস