যশোরে দুই শিবির নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৩ এপ্রিল ২০১৬

যশোর সদর উপজেলার লাউখালি শ্মশান এলাকা থেকে অপহৃত দুই শিবির নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও উপজেলার চাপালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুজার গিফারী (২৩) ও কালীগঞ্জ উপজেলার  ছাত্র শিবিরের সাথী সদস্য ও খয়েরতলা এলাকার রুহুল আমিনের ছেলে শামীম হোসেন (২২)। গত ১৮ ও ২৪ মার্চ তারা দু`জন অপহৃত হয়েছিলেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে সদর উপজেলার লাউখালি শ্মশানের নিকট থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শুনেছি তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। তবে ইসলামী ছাত্র শিবিরের ফেসবুকে দাবি করা হয়েছে, নিহত আবুজার ও শামীম তাদের দলীয় নেতা।

স্বজনরা জানিয়েছেন, গত ১৮ মার্চ দুপুরে কালীগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে নামাজ পড়ে গান্না সড়ক ধরে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে অজ্ঞাত দৃর্বৃত্তরা আবুজার গিফারীকে তুলে নিয়ে যায়। আর ২৪ মার্চ বিকেলে কালীগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ গেট থেকে শামীম হোসেনকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। অপহরণের পর দুজনের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়। বুধবার সকালে ঝিনাইদহের বারোবাজার সীমান্তে যশোর সদরের লাউখালি শ্মশান এলাকা থেকে আবুজার ও শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।