নারায়ণগঞ্জে ডিপিডিসি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৭:১২ এএম, ১৩ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যায় বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের বেশ কিছু সার্কিট ব্রেকার। বুধবার সকালে বিদ্যুৎ উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক দিন মনি সরমা জানান, শীতলক্ষ্যা এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে বুধবার ভোর ৫ টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ ও ঢাকার ৯টি টিম এক থেকে দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যুৎ উপকেন্দ্রের বেশ কিছু সার্কিট ব্রেকার পুড়ে গেছে। এতে করে বুধবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও শহরতলির অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ডিপিডিসির প্রধান প্রকৌশলী এনওসিএস (সাউথ) একরামুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) এটিএম হারুনুর রশিদ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) রমিউদ্দিন সরকারসহ বিভিন্ন এনওসিএস এর নির্বাহী প্রকৌশলীগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের কারণে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের আংশিক ক্ষতি হয়েছে। কিছু অংশ রিপ্লেস করতে হবে। আশা করছি, দুপুর ১টার মধ্যে নব্বই ভাগ কাজ সম্পন্ন করা যাবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।