জাহাজী শ্রমিক ফেডারেশনের লাগাতার কর্মবিরতি ঘোষণা


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ এপ্রিল ২০১৬

নৌযানে কর্মরত সকল জাহাজী শ্রমিক-কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে-স্কেল ঘোষণাসহ সাত দফা দাবিতে ২১ এপ্রিল থেকে নৌপথে দেশব্যাপী লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী সংলগ্ন বরফকল ঘাটে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ।

দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, নৌযানে কর্মরত সকল জাহাজী শ্রমিক-কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ, গ্রহণযোগ্য বেতন স্কেল, সরকারি কর্মচারীদের ন্যায় সকল প্রকার সুযোগ-সুবিধা বাস্তবায়নসহ কর্মচারীদের পরিচয়পত্র প্রদান, সার্ভিস বুক চালু এবং কর্মরত অবস্থায় মৃত্যুকালীন ঝুঁকি ভাতা, পঙ্গুত্ব ভাতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা, নদীপথে ড্রেজিংয়ের ব্যবস্থা করা, মার্কা, বাতি, বয়া ও পোতাশ্রয় নির্মাণের ব্যবস্থা করা, নারায়ণগঞ্জসহ সকল নদীবন্দরে মেরিন কোর্ট চালু করা, নদীপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই বন্ধ করা।

সভায় শুক্কুর মাহমুদ বলেন, শ্রমিকদের দাবি আদায়ের জন্য কখনো আঁতাত করিনি। আমার যাই কিছু হোক না কেন শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব। আমি নৌকার মাঝি ছিলাম। সেখান থেকে বর্তমান অবস্থান পৌঁছেছি। শ্রমিকদের অধিকার বাস্তবায়নে বিদেশেও সফরে যাচ্ছি। নৌ-শ্রমিকদের দাবি আদায়ের জন্য রক্ত দিয়ে হলেও ঋণ শোধের চেষ্টা করবো।

শুক্কুর মাহমুদ আরো জানান, ২০১৫ সালের ১৬ নভেম্বর আমরা সাত দফা দাবি নৌমন্ত্রী, শ্রম মন্ত্রণালয়ের পরিচালক ও নৌযান মালিকদের সংগঠন বরাবরে লিখিতভাবে জানানো হয়। কিন্তু মালিকপক্ষ কোনো সাড়া না দেয়ায় আমরা ২৭ জানুয়ারি সারা বাংলাদেশে কর্মবিরতি পালনের ডাক দিয়েছি। পরে ২৬ জানুয়ারি নৌমন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভায় সকলের উপস্থিতিত্বে একটি চুক্তিনামা হয়। ৩০ কার্যদিবসের মধ্যে সাত দফা দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত হলেও তা আজ পর্যন্ত মানা হয়নি।

বর্তমানে নৌ শ্রমিকদের যে মজুরি দেয়া হচ্ছে- তাতে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিক কাটাচ্ছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে যদি ন্যূনতম ১১ হাজার টাকা বেতন নির্ধারণসহ সাত দফা দাবি বাস্তবায়ন করা না হয়, তাহলে ২১ এপ্রিল থেকে ব্যক্তি মালিকানাধীন পণ্যবাহী ও যাত্রীবাহী সকল ধরনের নৌযানের শ্রমিক-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোর্শেদ আবু বকর, কার্যকরী সভাপতি অ্যাড. আহসানুল করিম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মাস্টার, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ কায়সার আলম প্রমুখ।

সাহাদত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।