ফতুল্লায় ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৭ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা ভর্তি ব্যাগ লুটে নিয়েছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। রোববার দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন ফতুল্লার বক্তাবলী প্রতাবনগর সিপাহীপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। নিজ এলাকায় ইটখোলা থেকে ইট ক্রয় করে তা খুচরা বিক্রি করেন তিনি।

ইট ব্যবসায়ী আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, ফতুল্লার পঞ্চবটি ইসলামী ব্যাংক শাখা থেকে ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে রিকশাযোগে বক্তাবলী বাড়ি ফিরছিলেন। পথে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সামনে একটি মোটরসাইকেল যোগে আসা তিন যুবক আমার পথরোধ করে। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, আমি প্রায় সময় ব্যবসায়িক লেনদেনের জন্য ধর্মগঞ্জ পঞ্চবটি ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে একাই চলাচল করি। কিন্তু দিনে দুপুরে ছিনতাইকারীরা মাথায় ঘুষি মারে আর দুইজন পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে দ্রুত পঞ্চবটির দিকে চলে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে জানান, ছিনতাইয়ের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। ছিনতাইকারীদের সনাক্ত করে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে।

শাহাদাত হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।