৭ খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ এপ্রিল
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৫ এপ্রিল ধার্য্য করেছেন আদালত। এর আগে এ মামলায় পুলিশ কর্মকর্তাসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য ও জেরাগ্রহণ করা হয়।
এদিকে সাত খুনের মামলার প্রধান আসামি নুর হোসেন ও তারেক সাঈদসহ ২৩ জনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
সোমবার আদালতে নিহত নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম, নিহত আইনজীবী চন্দন সরকারের ভাগিনা প্রিতম কুমার, নিহত তাজুল ইসলামের চাচা আবু তাহের, এসআই আবু হানিফ, কনস্টেবল আব্দুল কুদ্দুস, নজরুলের স্ত্রী বিউটি ও এসআই মিজানুর রহমানকে জেরা করা হয়।
বাদী পক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খান জানান, নিহত নজরুল ইসলামের ভাই আ. সালাম সাক্ষ্য দিতে আদালতে আসতে পারেননি। তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়েছে। আদালতে সাক্ষীদের আসার জন্য নিরাপত্তা জোরদার করতে হবে।
এদিকে, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুন মামলায় আদালতের নির্ধারিত দিনে পর্যায়ক্রমে সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীদের জেরা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।
জানা গেছে, সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী বিজয় কুমার পাল হলেন নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ে জামাতা ও অপর বাদী সেলিনা ইসলাম বিউটি হলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী।
সাহাদাত হোসেন/এফএ/এবিএস