কোথায় পাবো ছেলেকে?


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২১ এপ্রিল ২০১৬

বিগত ৯ দিন ধরে গাড়িচালক ছেলের কোন হদিস পাচ্ছেন না রাঙ্গুনিয়ার এক বৃদ্ধ দম্পত্তি। সবার কাছে তাদের প্রশ্ন কোথায় পাবো আমাদের ছেলেকে? স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ প্রশাসন কেউই কোন সহায়তা করছে না ছেলের সন্ধানে।

এবার তাই নিজেরাই পথে নেমেছেন রাঙ্গুনিয়ার মোগলের হাট আশ্রয় কেন্দ্রের বাসিন্দা কাঞ্চনী বেগম ও তার স্বামী মো. করিম বুকের প্রিয় ধনকে খুঁজতে। কিন্তু কোথায় পাবেন তাকে? তার ধারণা সাংবাদিকরাই পারবে তার ছেলেকে খুঁজে দিতে। তাই ছুটে এসেছেন চট্টগ্রামের একটি অনলাইন নিউজ পোর্টালের অফিসে।

গত ১২ এপ্রিল থেকে হঠাৎ নিখোঁজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে হারুন (২৮)। পেশায় গাড়ী চালক। এক যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ করে কাঞ্চনী বেগম বলেন, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচু বাগানে আমাদের দুইতলা পাকাবাড়ি ছিল, দোকান ছিল।  ওই নেতা আমার বাড়িঘর সবকিছু ভেঙ্গে জায়গা দখল করে নিয়েছে। আমাকে ভয় দেখিয়েছিল যদি জায়গাজমি না ছাড়ি, তাহলে ছেলেদের ক্ষতি করবে। ওদের বাঁচাতে আমি সব ছেড়ে মোগলেরহাট আশ্রয়কেন্দ্রে চলে আসি।  কিন্তু কি লাভ হলো? শেষমেষ ওরা আমার ছেলেকে ধরে নিয়ে গেল।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় গিয়ে অপহরণ মামলা দায়ের করতে চাইলেও তা না নিয়ে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে অভিযোগ করেন বৃদ্ধ কাঞ্চনী বেগম।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলে আমার সেই যে মোবাইলে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে গেল আর ফিরে এলো না। এতদিন হয়ে গেল ছেলের কোন খোঁজ পাচ্ছি না। তার প্রশ্ন আমার ছেলেকে কারা ধরে নিয়ে গেল?

গত ১২ এপ্রিল সকাল ৯টার দিকে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় ছেলে হারুন। মোবাইলে কাকে যেন বলছিল, তুই রাগ করিস না, আমার মোবাইলে চার্জ ছিল না,  তাই বন্ধ ছিল। এ কথা বলতে বলতে ছেলে সেই যে গেল আর এলো না।  আজ ৯দিন হয়ে গেল আমার প্রিয় মানিকের দেখা এখনো পেলাম না।

এদিকে ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মো. করিম। তিনি জানান, মেঝো ছেলে হারুন গাড়ি চালিয়েই সংসারের সব খরচ চালাতো। কতদিন ধরে তার দেখা নেই।  কার কাছে যাবো আমরা।  কোথায় পাবো ছেলেকে?

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার হুমায়ুন কবির বলেন, নিখোঁজের ঘটনায় আমরা জিডি নিয়েছি। তবে এটি অপহরণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মোবাইল ট্রেস আউটের মাধ্যমে নিখোঁজকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

জীবন মুছা/এমএমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।