কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৮ মে ২০১৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী সহিংসতায় তাপস চন্দ্র দাস নামে এক সদস্য প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার গভীর রাতে নিহতের স্ত্রী কল্পনা রানী দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এরপর বিকেলে স্থানীয় একটি শ্মশানে তাকে দাহ করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলার ভোট চলাকালে বেলা সোয়া ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দুই সদস্য প্রার্থী রেজাউল ও সুলতান আহমেদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে সদস্য প্রার্থী রেজাউলের সমর্থক চান্দলা গ্রামের কানু চন্দ্র দাসের ছেলে তাপস চন্দ্র দাসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার গভীর রাতে নিহতের স্ত্রী কল্পনা রানী দাস বাদী হয়ে প্রতিপক্ষ সদস্য প্রার্থী সুলতান আহমেদকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।