বিকেএমইএর নির্বাচন ১০ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

নিটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা দীর্ঘ সময় ধরেই তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পাননি। সদস্যদেরকে সেই সুযোগ করে দিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিকেএমইএ। এই লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। নবগঠিত বোর্ড আগামী ১০ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে।

সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জুলাই অভ্যুত্থান পরর্বতী সময়ে সংগঠনের তৎকালীন সভাপতি ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় সংগঠনে নেতৃত্বশূন্যতা দেখা দেয়। এসময় জরুরি বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আমাকে বাকি মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়। একই সময় ফজলে শামীম এহসানকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই সময়ে আমরা চেষ্টা করেছি অন্তর্বতী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে শিল্পের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা নিতে। এ সময়ে আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের জন্য আমরা আমাদের সব সদস্য ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশ যেভাবে গণতান্ত্রিক নির্বাচনের পথে হাঁটছে, একইভাবে আমরাও সংগঠনের সদস্যদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমাদের বোর্ডের মেয়াদ শেষ হবে চলতি বছরের সেপ্টম্বর মাসে।
বিকেএমইএর জন্মলগ্ন থেকেই এই সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি নিজেকে যেভাবে নিবেদিত রেখেছি, আগামীতেও তা অব্যাহত রাখতে চাই। এই লক্ষ্যে পরবর্তী নির্বাচনে ‘সম্মিলিত নিট ফোরাম’ এর প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস অতীতের মতো বর্তমানেও বিকেএমইএর সদস‍্যরা আমার পাশে থাকবেন।

এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।