তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে পোশাক রপ্তানিকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় স্বপ্ন বাস্তবে রূপদান করা সম্ভব হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের লেখা এক অভিনন্দন বার্তায় এ কথা বলা হয়েছে। তারেক রহমানের দিকনির্দেশনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিনন্দন বার্তায় প্রত্যাশার কথা জানিয়েছে সংগঠনটি।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন’ শীর্ষক ওই অভিনন্দন বার্তায় বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার (তারেক রহমান) অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের অধিক আসনে যে অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেছে, সে জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে আপনাকে ও আপনার দলের সব স্তরের নেতাকর্মীদের জানাই আন্তরিক প্রাণঢালা অভিনন্দন।’
এতে বলা হয়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের আপামর জনতা যে গণরায়ের প্রতিফলন ঘটিয়েছে, তা জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। আপনার এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণশক্তি তৈরি পোশাক শিল্প বর্তমানে এক অনন্য ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের আধিপত্য সুসংহত রাখতে আপনার সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা ও ব্যবসা-বান্ধব দৃষ্টিভঙ্গি আমাদের জন্য এক পরম অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের পূর্ণ সমর্থন পেলে ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানিকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার আমাদের যে জাতীয় স্বপ্ন, তা বাস্তবে রূপদান করা সম্ভব হবে। আপনার দিকনির্দেশনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, বিজিএমইএ পরিবারের যেসব সুযোগ্য সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের পোশাক শিল্পের সংকট নিরসন এবং সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা নতুন সরকারের নেতৃত্বে একটি স্থিতিশীল, উদ্ভাবনী এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রত্যাশা করি, যেখানে বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
ইএইচটি/এমএমকে