সরকার বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সরকার কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিজে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। আর তথাকথিত কেতাবি কায়দায়ও বাংলাদেশ ব্যাংক পরিচালিত হবে না।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ আলোচনা সভা করে ডিসিসিআই।
সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল পোগ্রামস ডিমার্টমেন্ট) নওশাদ মোস্তফা, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচাক শামসুল আরেফিন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা কোনোমতেই, কোনোভাবে বাংলাদেশ ব্যাংককে ডিক্টেট করতে চাই না। বরং রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের মাধ্যমে কাজ করবে সরকার।
আরও পড়ুন
শিল্পখাতে খেলাপিঋণ ৩১ শতাংশে পৌঁছানোয় ব্যাংকগুলো চরম আতঙ্কে ভুগছে
অর্থনীতি গতিশীল করতে এসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক আপনাদের (ব্যবসায়ী) কাছ থেকে শুনবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা রাজস্ব ব্যবস্থাপনা থেকে আপনাদের জন্য, বিশেষ করে এসএমই খাতে অনেকগুলো পদক্ষেপ আগামী বাজেটে নেবো। এটা প্রণোদনার মাধ্যমে হতে পারে, কর কাঠামোর মাধ্যমে হতে পারে কিংবা অনেকগুলো যৌথ তহবিল গঠনের বিষয়ও হতে পারে।
জনগণের কাছে দায়বদ্ধতার কারণে সরকার মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমলেও তৎকালীন (আওয়ামী লীগ) সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না। সে জন্য তারা বারবার দাম বাড়িয়েছে এবং বিদেশে অর্থ পাচারের ঘাটতি মেটাতে সাধারণ মানুষের ওপর লুটপাট চালিয়েছে। সেই সরকারের শাসনকালের অদূরদর্শিতা ও দায়বদ্ধতাহীনতার এক বিশাল মাশুল এখন আমাদের বর্তমান সরকারকে দিতে হচ্ছে। কারণ, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ।
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, বর্তমান সরকার বিপুল জনরায় নিয়ে সরকার পরিচালনায় এসেছে। তাই বৈশ্বিক সংকটের অভিঘাতে দেশে মানুষের জীবনযাত্রার কষ্ট যেন লাঘব হয়, সেই বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। এ কারণে জ্বালানি তেলের দাম এখনও বাড়ানো হয়নি।
ইএইচটি/কেএসআর