বিসিকের ১১ কোর্সে ভর্তি শুরু, সর্বনিম্ন ফি ৫০০ টাকা
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নকশা কেন্দ্রে বিভিন্ন কারিগরি ও নকশাভিত্তিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বিসিকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মে-জুন ২০২৬ সেশনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
এবারের সেশনে মোট ১১টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলো হলো— বাটিক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, বুনন শিল্প, কাপড়ের পুতুল, প্যাকেজিং শিল্প, বাঁশজাত শিল্প, মৃৎশিল্প, চামড়াজাত শিল্প, পাটজাত শিল্প এবং ফ্যাশন ডিজাইন।
এর মধ্যে বাটিক, স্ক্রিন, ব্লক প্রিন্টসহ ৮টি কোর্সের ফি ৫০০ টাকা। অন্যদিকে চামড়াজাত শিল্প, পাটজাত শিল্প ও ফ্যাশন ডিজাইন কোর্সের ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
প্রশিক্ষণের স্থান নির্ধারণ করা হয়েছে নকশা কেন্দ্র, বিসিক, ঢাকা (মতিঝিল থানার পাশে)।
বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এমএমএআর