রোববার পতাকা হাতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি
হরতাল-অবরোধ ও সহিংসতা বন্ধের দাবিতে আজ (রোববার) জাতীয় পতাকা হাতে রাস্তায় অবস্থান নেবে সারা দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পালিত হবে দুপুর ১২টা থেকে ১৫ মিনিটের জন্য। সংগঠনটি আশা করছে, সারা দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেবে।
`দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও` এই স্লোগানের এ কর্মসূচি পালন উপলক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও মো. হেলাল উদ্দিন শনিবার মতিঝিল এলাকায় প্রচারপত্র বিলি করেন।
এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান, চেম্বার/ অ্যাসোসিয়েশনের সামনে জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দেশের সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন, দোকান ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এবং প্রধান সড়কের পাশে শিল্প-বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে ও শান্তির দাবিতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। গত ১ ফেব্রুয়ারি এফবিসিসিআই এ কর্মসূচি ঘোষণা করেছিল।
এএইচ/আরআইপি