সপ্তাহ ব্যবধানে ডিএসইতে মূলধন কমেছে ২৪০০ কোটি টাকা
সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে দুই হাজার ৪০০ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল তিন লাখ ১৮ হাজার ৭৬৪ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৩০৩ টাকা এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার বাজার মূলধন নেমে এসেছে তিন লাখ ১৬ হাজার ৩৪৫ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ২২৮ টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন হারিয়েছে দুই হাজার ৪১৯ কোটি ১৮ লাখ ৮ হাজার ৭৫ টাকা বা শূন্য দশমিক ৭৬ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছিল ৩০১ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৬০৭ টাকা বা দশমিক শূন্য ৯ শতাংশ।
এদিকে গত সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। যার প্রতিদিনই দরপতন হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইতে কমেছে সব ধরনের সূচক ও টাকার অংকে লেনদেন। দরপতন হয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে এক হাজার ৮৪২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকার। আগের সপ্তাহের চেয়ে ৯৩ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৩৯৮ টাকা বা ৪ দশমিক ৮৩ শতাংশ কম। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল এক হাজার ৯৩৬ কোটি ২১ লাখ ২২ হাজার ২৬ টাকা।
সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৪ পয়েন্ট বা এক দশমিক ৪৩ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ২৬ পয়েন্ট বা এক দশমিক ৫৫ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৯ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ।
গত সপ্তাহে কমেছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি দুইটি কোম্পানির শেয়ার।
এসআই/এসকেডি/বিএ/এমএস