বাড্ডা থেকে অপহৃত শিক্ষার্থী জামালপুরে উদ্ধার, সাবেক শিক্ষক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ এএম, ২০ মে ২০২৬
পুলিশের অভিযানে গ্রেফতার সাবেক মাদরাসা শিক্ষক আবু রায়হান (২৩)/ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত এক মাদরাসা শিক্ষার্থীকে ৮ দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাদরাসার সাবেক এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম আবু রায়হান (২৩)। তিনি জামালপুর সদর উপজেলার পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ মে) রাতে ডিএমপির গুলশান বিভাগের ভাটারা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল ইমরান এ তথ্য জানান।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুর নাম নাসিরুজ্জামান নিরব (১০)। সে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডে অবস্থিত আব্দুল্লাহবাগ মাদরাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়াশোনা করতো।

এডিসি জুয়েল ইমরান জানান, গত ১১ মে বিকেলে শিক্ষার্থী নিরবকে প্রতিদিনের মতো মাদরাসায় রেখে যান তার বাবা। পরে রাত সাড়ে আটটার দিকে ছেলেকে নিতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

ঘটনার পর পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। তদন্তে একটি ফুটেজে মাদরাসার এক সাবেক শিক্ষককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অপহরণে জড়িত ব্যক্তির পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়।

অপহরণের পর শিশুটিকে জামালপুরে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এরপর মঙ্গলবার বাড্ডা থানার একটি দল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেফতার করে। একই সময় অপহৃত শিশুকে উদ্ধার এবং মুক্তিপণের টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টিটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।